ডিজেল ও সারের মূল্যবৃদ্ধিতে বগুড়ায় রোপা চাষে খরচ বেড়েছে
নন্দীগ্রামের রশীদ মিয়া বলেন, তিন মাসের ফসল রোপা ধান; ভাদ্র মাসেও বৃষ্টি না হওয়ায় প্রতিটি জমিতে মাসে তিনবার সেচ দিতে হবে।
সার ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বর্ষাকালীন ধান রোপা- আমন চাষে নাভিশ্বাস উঠেছে বগুড়ার কৃষকদের।
সরেজমিনে দেখা গেছে, রোপা-আমন চাষের ভরা মৌসুমে বৃষ্টি ছিল খুবই কম। নিচু জমিতে কেউ কেউ বৃষ্টির পানিতে রোপা- আমনের চারা লাগালেও অধিকাংশ কৃষক ডিজেলচালিত শ্যালো মেশিনে জমিতে সেচ দিচ্ছেন।
রোপা- আমন চাষে কৃষকরা সাধারণত বৃষ্টির ওপরই নির্ভর করেন। কিন্তু এবার চারা লাগানোর পর জমি শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়েই মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকদের।
এ ছাড়া সার, কীটনাশকের দাম বাড়ায় অতিরিক্ত টাকাও গুনতে হচ্ছে।
ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের কৃষক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টি কম হওয়ায় রোপন থেকে শুরু করে এখনও শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে। অথচ এই রোপা আমরা বৃষ্টির পানিতেই রোপন করতাম। এতে অনেক বেশি খরচ হচ্ছে।”
একই গ্রামের শ্যালো মেশিনের মালিক সুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনাবৃষ্টির কারণে রোপা রোপনের সময় জমি তৈরি করতে বিঘা প্রতি পানি দিতে ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা পর্যন্ত নিয়েছি। এখন রোপা জমিতে প্রতি বিঘায় ২০০ টাকা করে নিচ্ছি।”
সারিয়াকান্দী উপজেলার বুরুল গ্রামের কৃষক আব্দুস সামাদ বলেন, “একে তো সেচ দিয়ে রোপা চাষ চলছে। তার ওপর গত বছরের চেয়ে এবার সার, কীটনাশকে দাম বেশি।
“রোপা আবাদ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। উৎপাদন খরচ অনেক বেশি পড়বে। ধান কাটার পর বাজারে ধানের দাম কত পাবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”
নন্দীগ্রামের ওমরপুরের রশীদ মিয়া বলেন, তিন মাসের ফসল রোপা ধান। এখন ভাদ্র মাস। বৃষ্টির দেখা নেই। প্রতিটি জমিতে কম করে হলেও মাসে তিনবার সেচ দিতে হবে।
“বিদ্যুৎচালিত সেচ মেশিনে বিঘা প্রতি ২০০ টাকা হলেও ডিজেলে মেশিনে আড়াইশ টাকা নেওয়া হচ্ছে। এমন হলে কৃষক বাঁচবে কীভাবে?”
এ বিষয়ে জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগুড়ায় এবার রোপা- আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৮২ হাজার ৯৫০ হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা (চাল আকারে) ধরা হয়েছে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, অনাবৃষ্টিতে সঠিক সময়ে চারা রোপন না করতে পারায় এবং চারা রোপনের পর বৃষ্টি কম হওয়ায় উৎপাদন কমার আশঙ্কা আছে। এ ছাড়া সার ও জ্বালানির মুল্যবৃদ্ধির ফলে শ্যালো মেশিনে সেচ নির্ভর হওয়ায় উৎপাদন খরচও বাড়বে।
