Published : 06 Dec 2023, 06:45 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের প্রথম দিন বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন বলে দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম জানান।
প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
এ ছাড়া নিজের নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও কথা বলবেন বঙ্গবন্ধুকন্যা। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিক-নির্দেশনা দেবেন বলে ধারণা করছেন নেতারা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। এরই মধ্যে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে জেলার সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। টুঙ্গিপাড়া-কোটালীপাড়াকে বর্ণিল পতাকা, সৌন্দর্যবর্ধন, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা পাঠ করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন শেখ হাসিনা।
সফরের প্রথম দিন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের সঙ্গে আওয়ামী লীগের প্রধান মতবিনিময় করবেন। ওই দিন নিজ বাড়িতে রাত্রিযাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পরদিন শুক্রবার সকালে কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করার কর্মসূচি রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। শেখ হাসিনাকে গোপালগঞ্জে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
“এ সফরে আওয়ামী লীগ সভাপতি সংসদ নির্বাচনের বিষয়ে দিক-নির্দেশনা দেবেন আমরা এমনটাই ধারণা করছি”, বলেন সাহাব উদ্দিন আজম।