Published : 31 Mar 2023, 04:43 PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর খননের সময় একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের আব্দুল কাদেরের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে তাড়াশ থানার ওসি শহীদুল ইসলাম জানান।
স্থানীয় পল্লী চিকিৎসক গোপাল চন্দ্র ঘোষ জানান, পুকুরটি জমিদারদের ছিল। পরে পুকুরটি কিনে নেন আব্দুল কাদের। দীর্ঘদিন পর পুকুরটি সংস্কার করছিলেন তারা।
বিষ্ণু মূর্তিটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে।
ওসি শহীদুল ইসলাম বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা এলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।