২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘গ্যাস সিলিন্ডার লিকেজ’ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার থেকে চুলায় সংযোগ দেওয়ার সময় লিকেজ থেকে আগুন ধরে যায় বলে জানায় পুলিশ।

ময়মনসিংহে ‘গ্যাস সিলিন্ডার লিকেজ’ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৬

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 06:56 PM

Updated : 26 Aug 2023, 06:56 PM

ময়মনসিংহ শহরে ‘গ্যাস সিলিন্ডার লিকেজ’ থেকে আগুনে শিশুসহ ছয় জন দগ্ধের খবর পাওয়া গেছে।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।

দগ্ধরা হলেন- গৃহকর্তা নুরুল ইসলাম (৭৩) ও তার সাত বছরের নাতি এবং বাসায় কাজ করা সোয়েব মাহমুদ (৪০), বিল্লাল হোসেন (৩২), প্রান্ত (৩০) ও সাদ্দাম (৩০)।

ওসি শাহ কামাল বলেন, নবনির্মিত বাসাটির দ্বিতীয় তলার একটি রুমে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বাসা মালিক নুরুল ইসলাম। সকাল থেকে বাসায় কয়েকজন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলেন তিনি।

এ সময় গ্যাস সিলিন্ডার থেকে চুলায় সংযোগ দিয়ে আগুন জ্বালানোর সময় লিকেজ থেকে আগুন ধরে যায়; এতে চার শ্রমিকসহ নুরুল ও তার নাতি দগ্ধ হয় বলে তিনি জানান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় বলে জানান ওসি শাহ কামাল।

আহতদের কেউ গুরুতর নয় বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।