২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

কৃষকের ঘরে বোরো ধান না ওঠা পর্যন্ত ধান কাটা কর্মসূচি চলবে বলে জানিয়েছে যুবলীগ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 01:09 AM

Updated : 28 Apr 2023, 01:09 AM

লক্ষ্মীপুর সদর উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভুইয়ার নেতৃত্বে দুই কৃষকের প্রায় ৩ একর জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।

যুবলীগ নেতা বায়েজিদ ভুইয়া জানান, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক সংকট ও অতিবৃষ্টির শঙ্কায় ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক।

“লক্ষ্মীপুরের কৃষক হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যাহ শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তুলতে পারছেন না। বিষয়টি জানতে পেরে তাদের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

কেন্দ্রের নির্দেশনার কথা উল্লেখ করে বায়েজিদ ভুইয়া জানান, কৃষকের ঘরে বোরো ধান না ওঠা পর্যন্ত যুবলীগ এই কর্মসূচি চালিয়ে যাবে।

এদিকে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ায় প্রশংসায় ভাসছে স্থানীয় যুবলীগ। কৃষক হোসেন ও সাফায়েত তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আগামীতেও অসহায় মানুষের পাশে নির্ভরশীলতার প্রতীক হয়ে যুবলীগ থাকবে বলে জানিয়েছেন বায়েজিদ ভুইয়া।