২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সিটি মেয়র রিফাতের জানাজা শুক্রবার

সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত তার মরদেহ জেলা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

কুমিল্লার সিটি মেয়র রিফাতের জানাজা শুক্রবার
আরফানুল হক রিফাত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 06:55 PM

Updated : 14 Dec 2023, 07:09 PM

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে শুক্রবার।

বৃহস্পতিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার এসব তথ্য জানিয়েছেন।

শ্বাসকষ্ট নিয়ে মেয়র সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলে। এর আগে হৃদরোগ ও মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন; দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়র রিফাত।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাহাউদ্দীন বাহার বলেন, মেয়র রিফাতের মরদেহ সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দেশের পথে রওনা হবে। রাত সাড়ে ১০টায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর মরদেহ নিয়ে আসা হবে কুমিল্লা নগরীতে তার বাসভবনে।

শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে নগরীর টমছমব্রিজ কবরস্থানে।

এদিকে মেয়র রিফাতের মৃত্যুতে বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনে একদিনের সাধারণ ছুটির ঘোষণা করা হয়।

কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হকের ছেলে আরফানুল হক রিফাত।

১৯৮০ সালে কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে ১৯৮১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেলে তিনি বহিঃক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন।

১৯৯৬ সালে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হন। পরে তিনি কুমিল্লা জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টানা দুইবারের সাধারণ সম্পাদকের ছিলেন রিফাত।

পুরনো খবর:

কুমিল্লার মেয়র আরফানুল হক রিফাত আর নেই