১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে গাড়িচাপায় নারী পোশাক কর্মীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

প্রায় দুই ঘণ্টা বন্ধের পর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

গাজীপুরে গাড়িচাপায় নারী পোশাক কর্মীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

গাড়ি চাপায় সহকর্মীর মৃত্যুর পর স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2024, 12:31 PM

Updated : 30 Mar 2024, 12:31 PM

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী অবরোধ করলে মহাসড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকে। 

শুক্রবার রাত ৯টার দিকে মহাসড়কের টঙ্গীর সাতাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান টঙ্গী পশ্চিম থানার এসআই আব্দুল আউয়াল। 

নিহত হালিমা বেগম (৩৫) স্থানীয় বেইজ ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এলাকায়। 

এসআই আব্দুল আউয়াল জানান, কাজ শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ির নিচে চাপা পড়েন হালিমা বেগম। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তার মৃত্যুর খবর পেয়ে এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করেন। তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

এসআই আউয়াল বলেন, রাতে হালিমার মরদেহ উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।