জাতীয় শোক দিবসে বগুড়ায় দোকান পেলেন ১০ ভিক্ষুক
মানুষ যেন অন্যের কাছে হাত না পাতেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেজন্য এই প্রকল্প।
জাতীয় শোক দিবসে বগুড়ায় ১০ ভিক্ষুককে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ দোকান ঘর উপহার দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
মঙ্গলবার এক অনুষ্ঠানে ঘরগুলো হস্তান্তর করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে এই কর্মসংস্থান ও পুনর্বাসনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর ২৭ জন ভিক্ষুককে পুর্নবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুবিধাভোগীরা হলেন বগুড়া সদরের শেরেবাংলা নগরের নাজমা বেগম, মালগ্রাম দক্ষিণপাড়ার ফজর আলী, পূর্ব গোদারপাড়ার মমিন হোসেন, আকাশতারার হারুনুর রশিদ, জয়পুরপাড়ার আরিফুল ইসলাম, নামুজা আদর্শপাড়ার বাবুল মোল্লা, গাবতলী উপজেলার লাংলুহাটের জাহিদুল ইসলাম, জয়ভোগা গ্রামের আছমা, শাজাহানপুরের রানীরহাটের ঈমান আলী এবং কামারপাড়ার আব্দুল জলিল।
অনুষ্ঠানে সংসদ সদস্য রাগেবুল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চান। মানুষ যেন অন্যের কাছে হাত না পাতেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেজন্য এই প্রকল্প।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “গৃহহীনদের ঘর দিয়ে, ভিক্ষার হাতকে কর্মের হাত বানিয়ে দেশকে বিশ্ব দরবারে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নানামুখী কল্যাণকর কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। তারই একটি এটি।”
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাইদ মো. কাওছার রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু।
