‘শত্রুতার জেরে’ বিচ্ছিন্ন করা হল নির্মাণ শ্রমিকের হাত
তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরে এক নির্মাণ শ্রমিকের ডান হাত কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ৩০ বছর বয়সী হুমায়ুন মাতুব্বর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনদের বরাতে ওসি বলেন, “মাদারীপুর শহর থেকে নিজবাড়ি লক্ষ্মীগঞ্জে ফিরছিলেন নির্মাণ শ্রমিক হুমায়ুন মাতুব্বর। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আলামিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার তাদের লোকজন নিয়ে হুমায়ুনের ওপর হামলা করে।
“এ সময় হুমায়ুনকে কুপিয়ে জখম করে এবং তার ডান হাত কেটে বিচ্ছিন্ন ও বাম পায়ের অর্ধেক কেটে নেয় তারা। এ সময় হুমায়ুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।”
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার বলেন, “হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়েছে।”
এ হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি সালাউদ্দিন বলেন, “আহত হুমায়ুন ও হামলাকারী আলমগীরের বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।”
