২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসুর ইশতেহার: কেন শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চায় ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল

“শিক্ষক মূল্যায়ন করতে গিয়ে ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটায়, তবে তা শিক্ষক মূল্যায়নের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 11:20 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

অনেকগুলো রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ নামে একটি প্যানেল দিয়েছে। 

সেই প্যানেল তাদের ইশতেহারে ঘোষণা করেছে, যদি তারা নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে তারা ছাত্রদের মাধ্যমে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেবেন। 

‘জাকসুর লক্ষ্য সম্প্রীতির ঐক্য’ স্লোগানে প্যানেলে সহসভাপতি পদে প্রত্নতত্ত্ব বিভাগের অমর্ত্য রায় (সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) এবং সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শরণ এহসান (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‘সম্প্রীতির ঐক্য’ নামে এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জলসিঁড়ি রয়েছে।

২৯ অগাস্ট প্যানেল ঘোষণার সময়ই তারা তাদের ইশতেহারও তুলে ধরেন। তারা তাদের প্রতিশ্রুতিতে একটি সমতা ও মানবিকতার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছেন।

ইশতেহারে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়ে জানতে চাইলে এই প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জন বলেন, “একটা সময় ছিল যখন বাংলাদেশে উপস্থিতি (অ্যাটেনডেন্স) প্রথা ছিল না। সেই সময়ে শিক্ষকরা মানসম্পন্ন ক্লাস নিতে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন উপস্থিতি প্রথা চালু হয়, তখন দেখা যায় শিক্ষার্থীরা কেবল উপস্থিতির নম্বরের জন্য ক্লাসে যাচ্ছেন। এর ফলে শিক্ষার মান কমে গেছে।”

তিনি বলেন, “শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু হলে আমরা বুঝতে পারব, একজন শিক্ষার্থী ক্লাসে গিয়ে কী শিখছে। এ ছাড়া আমাদের শিক্ষক নিয়োগে দুর্নীতি বিদ্যমান। এই জায়গা থেকে আমাদের মনে হয় শিক্ষক মূল্যায়ন জরুরি। আর সেটা করতে হবে এমনভাবে, যেন শিক্ষার্থীদের ওপর তার নেতিবাচক প্রভাব না পড়ে।”

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের এই দাবিটিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের একজন শিক্ষার্থীও। 

মেহজাবীন হাসান হৃদি মনে করছেন, “আমাদের শিক্ষকরা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যান, তখন সেখানকার মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের যেতে হয়। সেখানে তারা নিয়মিত ক্লাস, সময়ানুবর্তিতা, পাঠদানের মানসহ বিভিন্ন দিক থেকে মূল্যায়িত হন। 

“কিন্তু আশ্চর্যের বিষয় হল, নিজেদের বিশ্ববিদ্যালয়ে এসে অনেকেই সেই একই মূল্যায়ন পদ্ধতি মানতে চান না। অথচ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার রাখে।”

হৃদি আরও বলেন, “আবার, শিক্ষক সংকট সমাধানে অনেক বিভাগেই অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নিয়োগ করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টিরা পাঠদানের মান বজায় রাখার তুলনায় নির্ধারিত ক্লাস আওয়ার পূরণে বেশি উৎসাহী হয়ে থাকেন। দীর্ঘক্ষণ যাবত চলতে থাকা একটা ক্লাসে শিক্ষার্থীরা আসলে পড়া কতটুকু বুঝতে পারল, কোথায় ঘাটতি রয়ে গেল— তা জানতে তাদের আগ্রহে ঘাটতি লক্ষণীয়। 

“শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এই সমস্যার সমাধানেও কার্যকরী হবে বলে ধারণা করি। শিক্ষক মূল্যায়ন চালু করা গেলে সকল শিক্ষক দায়িত্ব-সচেতন হয়ে উঠবেন, ফলে শিক্ষার মান আরও উন্নত হবে বলে আমরা মনে করি।”

তবে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম মনে করেন, “শিক্ষক মূল্যায়ন যদি প্রকৃত অর্থে হয়, তবে তা যথার্থ! যেমন- শিক্ষকের ক্লাসের সংখ্যা, ডেলিভারি, সময়ানুবর্তিতা, তার ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, কোয়ালিটি লেকচার ইত্যাদি। তাই মূল্যায়ন হতে হবে সঠিকভাবে। 

“কিন্তু অমনোযোগী বা অনিয়মিত কোনো শিক্ষার্থী যদি শিক্ষক মূল্যায়ন করতে গিয়ে ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটায়, তবে তা শিক্ষক মূল্যায়নের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে।”

অপরদিকে ক্লাসে উপস্থিতির জন্য ১০ নম্বর থেকে কমিয়ে পাঁচ নম্বর করার চিন্তাটি খুবই ‘সময়োপযোগী’ বলে মন্তব্য করেন এই শিক্ষক।

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল তাদের ইশতেহারে আরও অনেক বিষয়কে তুলে ধরেছে, যেখানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। 

ইশতেহারে বলা হয়েছে, শিক্ষার্থীদের ঐক্যই যেকোনো পরিবর্তনের মূল শক্তি। সেই ঐক্যের ভিত্তিতেই তারা একটি সমতা ও মানবিকতার বিশ্ববিদ্যালয় গড়তে চায়।

তারা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতির নম্বর মাত্র পাঁচ শতাংশে সীমিত করার কথা বলছে। 

এ ছাড়া দীর্ঘদিন ধরে চলা সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করা এবং উইকেন্ড বা বাণিজ্যিক কোর্স বাতিলের অঙ্গীকারও রয়েছে তাদের ইশতেহারে। 

গবেষণার মানোন্নয়নে নিয়োগ প্রক্রিয়ায় গবেষণা ও প্রকাশনাকে অধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় গ্রন্থাগার ২৪ ঘণ্টা খোলা রাখা এবং ই-লাইব্রেরি চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিতে তাদের ইশতেহারে বলা হয়েছে, মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর, হল ডাইনিং ও ক্যান্টিনে ভর্তুকি বৃদ্ধি, আবাসিক হলের সংস্কার, নারীদের জন্য সার্বক্ষণিক ক্যান্টিন ও পর্যাপ্ত ফ্যান স্থাপন- এসব উদ্যোগ শিক্ষার্থীদের কাছে তাৎক্ষণিকভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে।

পাশাপাশি সামাজিক সুরক্ষা ও পরিবেশ রক্ষার দিকেও নজর দিয়েছে প্যানেলটি। নারী শিক্ষার্থীর নিরাপত্তা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কুইক রেসপন্স কার্ট, এমনকি অতিথি পাখির অভয়ারণ্য পুনরুদ্ধার ও ক্যাম্পাসে জিপিএসযুক্ত গণপরিবহন চালুর মতো পরিকল্পনা তাদের ইশতেহারকে আরও সমৃদ্ধ করেছে।