সালথায় শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ‘ডাকাতি’
“চার বছরের শিশু ছেলের গলায় ছুরি ঠেকিয়ে বলে, চিৎকার করলে ওকে মেরে ফেলব।”
ফরিদপুরের সালথা উপজেলায় মালোয়েশিয়া প্রবাসী দুই সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদল টিনের চাল কেটে ঘরে ঢুকে চার বছরে এক শিশুকে জিম্মি করে অন্তত ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের মো. চানু ফকিরের দুই প্রবাসী ছেলে ইয়াছিন ফকির ও রবিউল ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান।
এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী দুই ভাইয়ের মা শিউলী বেগম।
তিনি বলেন, “আমার দুই ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। ভোরের দিকে আমাদের ঘরের টিনের চালা কেটে কয়েকজন ঘরে ঢুকে। তারা আমার ছেলের স্ত্রী লিমা বেগমের চার বছরের শিশু ছেলের গলায় ছুরি ঠেকিয়ে বলে, চিৎকার করলে ওকে মেরে ফেলব।”
“পরে ডাকাতদলের সদস্যরা বাড়ির সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ চার লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও চার ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।”
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আতাউর জানান।
