গোপালগঞ্জে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল ৬ দোকান
ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ সদর উপজেলায় একটি মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ছয়টি দোকান।
সোমবার ভোর ৩টার দিকে উপজেলার তেবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান জানান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার ফাইটার মোস্তাফিজুর বলেন, “তেবাড়িয়া বাজারের বেলায়েত হোসেনের মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুতই আশেপাশে ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মার্কেটের হাবিব শেখের তিনটি এবং রানা কাজী, আদিম ভূইয়া ও মফিজ শেখের একটি করে মোট ছয়টি দোকান পুড়ে যায়।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবিব শেখ বলছিলেন, “আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।” একই কথা বলছেন ব্যবসায়ী মফিজ শেখ।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে জানতে কাজ চলছে।”
