সুবর্ণচরে ‘বাবা-মাকে বেঁধে মেয়েকে ধর্ষণে’ মামলা, গ্রেপ্তার ২
মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ‘বাবা-মাকে মারধর করে বেঁধে রেখে’ কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
সোমবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে উপজেলার চরজব্বার থানায় মামলাটি দায়ের করেন।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, সুবর্ণচরের পশ্চিম চর মজিদ আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত রোববার রাতে স্থানীয় একদল সন্ত্রাসী ভুক্তভোগীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেদম মারধর করে বেঁধে রাখে।
এক পর্যায়ে ঘরে থাকা তাদের মেয়েকে হামলাকারীদের মধ্যে দুইজনে ধর্ষণ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মঙ্গলবার ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে চরবাটা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন পশ্চিম চর মজিদের হাসান আহম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) ও মফিজুর রহমানের ছেলে দিদার হোসেন (৩০)।
আরও পড়ুন:
