গাজীপুরে বাইক নিয়ে কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা, যুবককে জরিমানা
“এ সময় তার কাছে মোটরসাইকেল চলাচলের অনুমোদনপত্র চাইলে তিনি তা দেখাতে পারেননি।”
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে ভোটকেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করায় এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাগরী ইউনিয়নের বিরুয়া এলাকায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।
দণ্ডিত ২০ বছর বয়সী শ্রেয়ন আহমেদ আলী কালীগঞ্জ উপজেলার ধনুন এলাকার জুলহাস মোল্লার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “ওই যুবক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করছিলেন।
“এ সময় তার কাছে মোটরসাইকেল চলাচলের অনুমোদনপত্র চাইলে তিনি তা দেখাতে পারেননি। একই সঙ্গে মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।”
পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ২০০ টাকা জরিমানা করা হয় বলে জানান সরওয়ার লিমা।
