২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি থেকে এনসিপিতে গিয়েও ‘কপাল পুড়ল’ মনজুর কাদেরের

সিরাজগঞ্জ-৩ আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতিকেও নির্বাচন থেকে সরে দাঁড়াতে হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 02:06 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

বিএনপি থেকে পদত্যাগ করে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে এনসিপি থেকে প্রার্থী হয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। 

১০ ডিসেম্বর এনসিপি ঘোষিত ১২৫ জনের তালিকায় তার নাম ছিল। তার পক্ষে ২২ ডিসেম্বর মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়। 

তবে শেষ রক্ষা হয়নি। ১০ দলীয় জোটের কারণে এই আসনটি জামায়াত ইসলামীর প্রার্থীকে ছেড়ে দিতে হচ্ছে এনসিপিকে। এখন জোটের পক্ষে এই আসনে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম নির্বাচন করবেন। 

শুধু সিরাজগঞ্জ-৫ আসন নয়; সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতিকেও নির্বাচন থেকে সরে দাঁড়াতে হচ্ছে। ১০ দলীয় জোটের হয়ে এ দুটি আসনেও জামায়াতে ইসলামীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

তবে জোটের সর্মথনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, “সিরাজগঞ্জের চারটি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও সিরাজগঞ্জ-৩, সিরাজগঞ্জ-৪ ও সিরাজগঞ্জ-৫ এই তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচন করবেন। 

“তবে সিরাজগঞ্জ-৬ আসনে ১০ দলের সমর্থিত প্রার্থী হিসেবে এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ নির্বাচন করবেন। রোববার বিকালে ঢাকায় ১০ দলীয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”    

৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন সাবেক সংসদ সদস্য মনজুর কাদের। 

তিনি ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহন করেন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 

১৯৯৬ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন মনজুর কাদের। এরপর ১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে এবং ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুর) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

পরবর্তিতে এই আসনের সীমানা পরিবর্তন হয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন করা হয়। ২০০৮ সালের নির্বাচনেও এই আসন থেকে বিএনপির মনোনয়ন পান মনজুর কাদের। তবে সেই সময় মাত্র ২৫২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসে কাছে হেরে যান তিনি। 

এবার সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলুসহ আসনটিতে মোট আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।   

সিরাজগঞ্জ-৫ আসনে প্রথমে এনপিসির প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন দলটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। পরে তিনি মনজুর কাদেরকে সমর্থন দেন। 

সিরাজগঞ্জ জেলায় এনসিপির কোনো কমিটি নেই। নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে মাহিন সরকারকে মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।   

পরে হোয়াটস অ্যাপে জোটের সঙ্গে তিনটি আসনে সমঝোতা এবং সেখানে জামায়াতে ইসলামী প্রার্থীর বিষয়ে জানতে চেয়ে বার্তা পাঠালে তিনি বলেন, ‘হ্যাঁ’।

আরও পড়ুন:

এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক এমপি মনজুর কাদের