Published : 15 Mar 2026, 10:20 AM
চাঁপাইনবাবগঞ্জ সদরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার হলো মোট সাতজন।
শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ।
গ্রেপ্তার ৪৬ বছর বয়সী আব্দুল মালেক সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া গ্রামের মঞ্জুর মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত তিনজন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়। পরে অভিযানের ধারাবাহিকতায় চরবাগডাঙ্গা এলাকা থেকে ইউসুফ (৪৫) ও শাকিলকে (৩৭) আটক করা হয়।
এর আগে প্রধান সন্দেহভাজন শরিফ উদ্দীন দুলালকেও গ্রেপ্তার করা হয়। সবশেষ শনিবার রাতে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়।
সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, “মালেক মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।”
এর আগে ১৪ ফেব্রুয়ারি ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে আবুল কালামের বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আল আমিন ও জিহাদ আলী নামের দুই তরুণ নিহত হন। আহত হন আরও তিনজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফ উদ্দীন দুলালের ভাই আবুল কালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জাতীয় নির্বাচনের পর প্রতিপক্ষের ওপর হামলার উদ্দেশ্যে এসব হাতবোমা তৈরি করছিলেন তারা। দুলালের তত্ত্বাবধানে সেখানে বোমা তৈরির কাজ চলছিল বলে তদন্তে উঠে আসে।
ঘটনার পর ওই দিন রাতে সদর থানার এসআই বেলাল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও আট থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন।
চাঁপাইনবাবগঞ্জে 'ককটেল বানানোর সময়' বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩