ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই তবে সেটা স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাওয়ার কথা বলেছেন তৌহিদ হোসেন।
ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষের স্বার্থের ভিত্তিতে হওয়ার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে।”
শনিবার সকালে নরসিংদীর বেলাব উপজেলার সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাওয়ার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের লক্ষ্য। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। তবে আমাদের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।”
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এতে সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এম আর ডি আই এর অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (জ্যেষ্ঠ সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) আফসান আল আলম, বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব এবং সাবেক সভাপতি অলিউর রহমান কাওসার উপস্থিত ছিলেন।
