কুমিল্লা: দেশে ফিরেছে ৯ হাজার ১২৭ পোস্টাল ব্যালট
“দেশের বাইরে থাকায় নির্বাচনে ভোট দিতে পারি না এটি একটি আক্ষেপ ছিল। এবার পোস্টাল ব্যালট নিবন্ধন করে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছি।”
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার। পোস্টাল ভোটের পর দেশে ফিরেছে মোট ৯ হাজার ১২৭টি ব্যালট।
নিবন্ধন করা ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ২৫৫ এবং নারী ৮ হাজার ২৯৫ জন। সবচেয়ে বেশি পোস্টাল ভোট নিবন্ধন করেছে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসন থেকে ১৩ হাজার ৯৩৮ জন।
প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কর্মরত ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটাররাও পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, এসব ভোট গণনার জন্য কুমিল্লায় দুটি পৃথক ভেন্যুতে ১১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে; যেখানে মোট ৪৮৭ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহণের দিন বিকাল সাড়ে ৪টা থেকে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হবে।
কোন আসনে পোস্টাল ব্যালটের ভোটার কত
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৮ হাজার ৫৯৯ জন। যার মধ্যে পুরুষ ৭ হাজার ৬৯৯ জন এবং নারী ৯০০ জন।
কুমিল্লা-(হোমনা-তিতাস) আসনে নিবন্ধন করেছেন ৭ হাজার ২৯০ জন। যার মধ্যে পুরুষ ৬ হাজার ৬৪৫ এবং নারী ৬৪৫ জন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ৯ হাজার ৪৯৮ জন ভোটারের মধ্যে পুরুষ ৮ হাজার ৯০৭ জন ও নারী ৫৯১ জন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ হাজার ১০৫ জন ভোটর আছেন। তাদের মধ্যে পুরুষ ৯ হাজার ৩৮৯ জন ও নারী ৭১৬ জন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১২ হাজার ৩৩০ জন নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ১১ হাজার ৩০০ জন ও নারী ১ হাজার ৩০ জন।
কুমিল্লা-৬ (আদর্শ সদর-সিটি করপোরেশন-সদর দক্ষিণ) আসনে ১১ হাজার ৯১৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১০ হাজার ৫৫১ জন ও নারী ১ হাজার ৩৬৫ জন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ৫ হাজার ৭২২ জন ভোটার রয়েছেন। যার মধ্যে পুরুষ ৫ হাজার ৩৯১ জন ও নারী ৩৩১ জন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ৮ হাজার ৪৪৮ জন ভোটার। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন পুরুষ ও ৪৫১ জন নারী ভোটার।
কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ হাজার ১৬৩ জন নিবন্ধন করা ভোটারের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৬১ ও নারী ৬৯৪ জন।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ১৩ হাজার ৯৩৮ জন ভোটার। যার মধ্যে পুরুষ ১৩ হাজার ৯৪ জন ও নারী ৮৪৪ জন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মোট ১২ হাজার ৫৪১ জন ভোটারের ১১ হাজার ৮১৩ জন পুরুষ ও ৭২৮ জন নারী।
কুমিল্লা-৬ আসনের ভোটার সৌদি আরব প্রবাসী আফসু ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলসের সত্বাধিকারী আনিসুর রহমান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা প্রবাসে থাকেন তাদের সব সময়ের একটি আক্ষেপ ছিল তারা নির্বাচনে ভোট দিতে পারে না। এবার সেই আক্ষেপ কিছুটা হলেও মিটেছে।
“তবে পোস্টাল ব্যালট প্রথম ব্যবহার ব্যবহৃত হয় অনেকে ভুল করেছে বলে শুনেছি। তারপরও সরকারকে ধন্যবাদ যে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে। আমরা চাই আমাদের ভোটাধিকার দেশের সরকার গঠনে কাজে লাগুক।”
প্রবাসী খোরশেদ আলম নাঈম হোয়াটসঅ্যাপ মধ্যমে বলেন, “দেশের বাইরে থাকায় নির্বাচনে ভোট দিতে পারি না এটি একটি আক্ষেপ ছিল। এবার পোস্টাল ব্যালট নিবন্ধন করে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছি। আশা করব আমার ভর্তি দেশের কাজে লাগবে।”
মঙ্গলবার কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা গেছে, একটি কক্ষে ডাকযোগে পাওয়া পোস্টাল ব্যালটগুলো স্ক্যানিং করে রিটার্নিং কর্মকর্তার অধীনে সংরক্ষিত রাখছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলছেন, কেন্দ্রে ভোট গণনার মত পোস্টাল ব্যালটের ভোটগুলো গণনা করার জন্য কুমিল্লাতে দুইটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এসব ভ্যানুতে আলাদা আলাদা কক্ষে ১১টি আসনের পোস্টাল ব্যালটগুলো গণনা করা হবে। প্রতি ৩০০টি পোস্টাল ব্যালটের জন্য একজন করে পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন এবং গণনার সময় সকল প্রার্থীর এজেন্ট উপস্থিত থাকবেন।
তবে পোস্টাল ব্যালট গণনায় তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে শুধু দেশের ভোটকেন্দ্রগুলোর ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলের ওপর নির্ভর না করে, পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে প্রার্থীদের অবহিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, “২ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালট স্ক্যানিং করে গ্রহণ করা শুরু হয়েছে। ডাকঘর থেকে আসতে থাকা পোস্টাল ব্যালট স্ক্যান করে কমিশনের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারপর আমরা সেগুলো ব্যালট বাক্সে রেখে ট্রেজারিতে সংরক্ষণ করছি। এখন থেকে আমাদের ১২ তারিখ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত যত ব্যালট আসবে আমরা এভাবেই অন্তর্ভুক্ত করবো।
“প্রথম দিনে ৩৬৪টি এবং দ্বিতীয় দিনে ৯ হাজারেরও বেশি পোস্টাল ব্যালট আসে, যা কিউআর স্ক্যানিংয়ের মাধ্যমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অন্তঅন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের দুটা ভ্যেনুতে ১১টি কেন্দ্রে পোস্টাল ব্যালট গুনতে হবে।”
তিনি বলেন, “যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে তাদেরকে আগে কিউআর স্ক্যান করে তারপর ভোট দিতে হবে। তার যদি সেটি স্ক্যান করা না থাকে, তাহলে আমরা এখানে যখন আবার সেটি গ্রহণ করার সময় স্ক্যান করছি তা কমিশনের ওয়েবসাইটের সঙ্গে মিলবে না। তাই যারা ভোট দিবেন তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সম্পূর্ণ নিয়ম মেনে ভোট দিতে হবে।”
দৈনিক কুমিল্লার কাগজের উপ-সম্পাদক জহিরুল ইসলাম শান্ত বলেন, “কুমিল্লা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী সংখ্যা বেশি হওয়ায় পোস্টাল ব্যালটের সংখ্যাটিও বেশি হয়েছে বলে মনে করছি। যেহেতু প্রতি আসনে গড়ে আট থেকে দশ হাজার পোস্টাল ব্যালটের ভোট রয়েছে সেগুলো কোনো কোনো আসনে জয় পরাজয়ের জন্য ফ্যাক্টর হতে পারে।
“বিশেষ করে যেসব আসনে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানেই ফ্যাক্টর হবে পোস্টাল ব্যালটের ভোট। যে কারণে আমি মনে করি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা এসব ব্যালট গণনার ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা কলম্বন করা উচিত।”
পোস্টাল ব্যালটের জন্য দায়িত্রপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, “২ ও ৩ ফ্রেব্রুয়ারি দুই দিনে আমরা মোট ৯ হাজার ৫১৫টি পোস্টাল ব্যালট হাতে পেয়েছি। অনলাইনের সংখ্যার সঙ্গে এ সংখ্যার তারতম্য হতে পারে আপডেটেশনের কারণে। কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। এটি কিছু পর পরই পরিবর্তিত হয়।”
