২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ৯৮% কারখানা বেতন, ৯৯% বোনাস দিয়েছে: পুলিশ

“৪৪টি কারখানার বেতন এবং ১৮টি কারখানায় বোনাস বুধ ও বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করা হবে।”

গাজীপুরে ৯৮% কারখানা বেতন, ৯৯% বোনাস দিয়েছে: পুলিশ
গাজীপুরে ঈদের ছুটিতে পোশাক কারাখানার শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 10:11 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

গাজীপুরের ৯৮ শতাংশ কারখানা শ্রমিকদের বেতন এবং ৯৯ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে বলে শিল্প পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, “মঙ্গলবার পর্যন্ত দুই হাজার ৮৩৪টি পোশাক কারখানার মধ্যে দুই হাজার ৭৯০টির বেতন এবং দুই হাজার ৮১৬ কারখানার বোনাস পরিশোধ করা হয়েছে।

“৪৪টি কারখানার বেতন এবং ১৮টি কারখানায় বোনাস বুধ ও বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।”

পুলিশ কর্মকর্তা জানান, এবারও ঈদে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৬ মার্চ ৬২টি, ১৭ মার্চ ৪৪৪টি, ১৮ মার্চ এক হাজার ৪১৪টি এবং ১৯ মার্চ ৮৩৩টি কারখানা ছুটি দেওয়া হবে।

তবে বায়ারদের চাহিদা পূরণ করতে ঈদের ছুটিতেও ৮১টি কারখানা আংশিক খোলা থাকবে। এ ছাড়া দুই হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি থাকবে।  

পুলিশ বলছে, এরই মধ্যে যারা ছুটি পেয়েছেন তাদের বেশির ভাগই বেতন-বোনাস নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। ফলে গাজীপুরে সড়ক-মহাসড়কে মানুষ ও গাড়ির চাপ বেড়েছে। এজন্য কোথাও কোথাও যানবাহন ধীরে ধীরে চলতে গিয়ে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। 

বিশেষ করে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টংগী স্টেশন রোড, চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ি, শ্রীপুরের মাওনা ও জৈনা বাজার এলাকায় বেশি যানজট হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

গাজীপুরে বিজিএমইএর ৭৭০টি, বিকেএমইএর ১৪৭টি, বিটিএমইএর ১৩৬টি কারখানা রযেছে। এ ছাড়া সাব-কন্ট্রাক্টে কাজ করে এক হাজার ৭৮১টি।