২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আখ ক্ষেতে পড়েছিল ইজিবাইক চালকের মরদেহ

ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন আমিনুল।

নাটোর প্রতিনিধি

Published : 18 Aug 2023, 03:52 PM

Updated : 18 Aug 2023, 03:52 PM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আখ ক্ষেত থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান।

নিহত আমিনুল ইসলাম (৩৫) রাজশাহীর বাঘা থানার খাগড়বাড়িয়া এলাকার ইসরাফিল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের বরাতে পরিদর্শক শফিকুল বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় আমিনুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও আর সন্ধান পায়নি।

“সকালে আখ ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আমিনুলের পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।”

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে নিহতের মুখে রক্ত, বাম পায়ের হাঁটুতে রশির দাগ এবং গলা ফুলার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়ে পরিদর্শক শফিকুল বলেন, হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।