১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় ১৯ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

দাম্পত্য কলহের জের ধরে ২০০৪ সালে ২৪ সেপ্টেম্বর আনছার আলী তার স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

গাইবান্ধায় ১৯ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

র‌্যাবের হাতে গ্রেপ্তার আনছার আলী (৪৫)।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 02:20 PM

Updated : 24 Jun 2023, 02:20 PM

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বারবার অবস্থান পরিবর্তন করে ১৯ বছর ধরে পালিয়ে ছিলেন তিনি।

শুক্রবার র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে গাজীপুরের গাছা থানার কামার ঝুরি মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

গ্রেপ্তার আনছার আলী (৪৫) সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

শনিবার সকালে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, দাম্পত্য কলহের জের ধরে ২০০৪ সালে ২৪ সেপ্টেম্বর আনছার আলী তার স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন। এই ঘটনার পরদিন সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তারপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

এদিকে দীর্ঘদিন হাজির না হওয়ায় আদালত আনছার আলীর অনুপস্থিতিতে ২০১৭ সালে হত্যা মামলার রায়ে তাকে যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় দেন। এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেপ্তার এড়াতে আনছার আলী বারবার তার অবস্থান পরিবর্তন করতেন। ফলে দীর্ঘদিন তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে পারেনি।

সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম জানান, শুক্রবার বিকালে তাকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করে‌ছে র‌্যাব। বিকালেই তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।