২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ আহত ৯

বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রুবেল ও তার সঙ্গীরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 02:16 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও তার ৮ সঙ্গী। 

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দারে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রুবেলদেরকে বহনকারী মাইক্রাবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রাস্তfর পাশের একটি গাছের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগলে তারা আহত হন। 

দুর্ঘটনার পর আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী বলেন, “দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সবাইকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।”

চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন বলে জানান তিনি। 

পুলিশ ও রুবেলের সঙ্গীরা জানিয়েছেন, বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকা থেকে মাইক্রোবাসে করে রওনা হয়েছিলেন তারা।