জামালপুরে সড়কে ঝরল নারী ও অটোরিকশা চালকের প্রাণ
দুজনই ঘটনাস্থলে মারা যান বলে পুলিশ জানায়।
জামালপুর সদর ও দেওয়ানগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারী ও অটোরিকশা চালক নিহত হয়েছেন।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, রোববার সকালে জামালপুর-শেরপুর বাইপাস সড়কের শাহাপুরে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শামীম মিয়া (৩৫) মারা যান।
নিহত শামীম শেরপুর জেলা সদরের হরিণধরা গ্রামের শাহজাহান আলীর পুত্র।
ওসি বলেন, এ ছাড়া রোববার দুপুরে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের হাতিভাঙ্গা চকপাড়া এলাকায় ট্রাক্টর চাপায় রিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
তিনি দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর মোয়ামারী বেপারিপাড়া গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাতে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওবায়দুল হক বলেন, রিনা বেগম তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে কাঠারবিল থেকে তারাটিয়ার দিকে যাচ্ছিলেন। হাতিভাঙ্গা চকপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে বালু ভর্তি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিনার মৃত্যু হয়েছে।
পুলিশ ট্রাক্টরটি আটক করতে পারলেও পালিয়ে গেছেন চালক।
