ফরিদপুরে জামায়াত কর্মীদের দোকান-বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
শহরতলীর বাখুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম জানান।
ফরিদপুর সদর উপজেলায় জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীর বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে জামায়াত।
শহরতলীর বাখুন্ডা এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম জানান।
আহতদের মধ্যে মো. আজিজুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান পরিদর্শন শেষে হাসপাতালে থাকা কর্মীর সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর নেতারা।
এ সময় সেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর-৩ আসনের প্রার্থী মো. আবদুত তাওয়াব, জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরউদ্দিন, সেক্রেটারি আব্দুল ওহাব, কোতোয়ালি থানার আমির মো. জসীম উদ্দিন, পৌরসভা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম শামীম উপস্থিত ছিলেন।
আবদুত তাওয়াব হাসপাতাল থেকেই এই আসনের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেতা চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের সঙ্গে মোবাইলে কথা বলেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সামাজিক সম্প্রতি বজায় রাখতে বিএনপি নেতাকর্মীদেরকে সহিংসতা থেকে বিরত রাখার জন্য তার প্রতি অনুরোধ জানান।
অপরদিকে ঘটনা অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
গেরদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন অভিযোগ করেন, শুক্রবার রাতে তারাবি নামাজ শেষে বাখুন্ডা রেল স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়িতে বিএনপি নেতা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন মেম্বারের নেতৃত্বে হামলা চালানো হয়।
এ সময় তারা কয়েকটি দোকানসহ আলমগীর হোসেন, জামায়াত কর্মী সজিবের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় জানালার কাঁচ ভেঙে সজিবের বাম কান জখম হয়। হামলাকারীরা ধাওয়া করে আলমগীর হোসেনের ভাই আজিজুলকে বাড়ির পাশের ক্ষেতে ফেলে মারপিট করে। এতে তার মাথা গুরুতর জখম হয়। হামলাকারীরা লাঠি দিয়ে আলমগীর হোসেনের মাথায়ও আঘাত করে।
আলমগীর হোসেন বলেন, তারা জরুরি নম্বর ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তবে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন ইউপি সদস্য রাসেদ খান মিলন। তিনি বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গণ্ডগোল হচ্ছে এমন খবর পেয়ে জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি।”
ইউপি সদস্য দাবি করেন, “ওই স্থানে দোকানে চা খাওয়ার সময় জুয়েল নামের একজনের উপর জামায়াত কর্মীরা আক্রমণ করলে গণ্ডগোলের সূত্রপাত হয়।”
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
