১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কৃষক কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়: গণপূর্ত প্রতিমন্ত্রী

“সকল সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকরা সেবা পান। “

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

নিরাপত্তাজনিত কারণে কৃষক কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। 

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুর বলেন, “কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ সেবা, যা কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে। তাই এ কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

“কোনো অবস্থাতেই কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেইসবুকে আপলোড করা যাবে না। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে।”

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিকভাবে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১৫ জন কৃষক ও কৃষানীর হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুশৃঙ্খল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকরা সেবা পান। “

আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, টেকসই কৃষিব্যবস্থা প্রবর্তন ও কৃষকদের আর্থ সামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নের জন্য সরকার কৃষক কার্ড চালু করেছে। 

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল থেকে এই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভার সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়।