২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনার পানি ফের বাড়ছে, সবজি আবাদ নিয়ে শঙ্কা

পাউবো প্রকৌশলী বলেন, আরও দুদিন পানি বাড়তে পারে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 06:12 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

সিরাজগঞ্জ জেলায় অসময়ে আবারও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। 

চার দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলের শীতকালীন সবজির আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। 

এ ছাড়া কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নদী তীরে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। 

এদিকে, দিনভর বৃষ্টির কারণে মানুষজন ঘরবন্দি হয়ে পড়েছে। আয়-রোজগার কমে যাওয়ায় দিনমজুর ও শ্রমজীবীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বাড়ছে। আরও দুদিন পানি বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের কোনো আশঙ্কা নেই।