মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের তীরে ইজিবাইক চালকের লাশ
কালকিনির ওসি জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে।
মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদের তীর থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম জানান।
নিহত সুহিন সরদার উপজেলার উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সরদারের ছেলে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাতে সুহিন তার বোনের বাড়িতে রাতের খাবার খেয়ে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় নদীর তীরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ও নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্তাধীন।
