নাটোরে রেলসেতুর নিচে পড়েছিল তরুণের মরদেহ
ট্রেনের দরজা অথবা ছাদ থেকে ছিটকে ব্রিজের নিচে পড়ে তিনি নিহত হতে পারেন বলে ধারণা পুলিশের।
নাটোরের বাগাতিপাড়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে বাগাতিপাড়ার সীমান্তবর্তী বড়াল রেলওয়ে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান।
আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে হাবিবুর রহমান বলেন, নিহতের ডান পা ভাঙ্গা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাঝরাতে অথবা ভোর রাতের দিকে চলতি কোনো ট্রেনের দরজা অথবা ছাদ থেকে ছিটকে ব্রিজের নিচে পড়ে তিনি নিহত হতে পারেন।”
বাগাতিপাড়া থানা পুলিশের হেফাজতে মরদেহটি দেওয়া হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
