দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দিনাজপুর সদর উপজেলায় বাস ও আমবোঝাই ট্রাকের সংঘর্ষে পাঁচজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।
শুক্রবার ভোর ৬টায় উপজেলার পাঁচবাড়ি এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের পাশে গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান।
হতাহতদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি ফরিদ হোসেন বলেন, “ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাস চালকের সহকারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর বাসের সুপারভাইজারসহ দুই শিশু যাত্রীর মৃত্যু হয়।”
এ ঘটনায় আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
দুর্ঘটনার পর গোবিন্দগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে কোতোয়ালি থানার এসআই রেজা নূর ইসলাম জানান।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার জিল্লুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত ২৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক আবস্থা আশঙ্কাজনক।”
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম বলেন, সরকারের পক্ষ থেকে নিহতদের তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আর আহতদের চিকিৎসার সব খরচ প্রশাসন বহন করবে।
