নরসিংদীতে মাইক্রোবাস-কভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৪
ঢাকার মিরপুরে এক আত্মীয়র বাড়িতে বেড়ানো শেষে রায়পুরার বাড়িতে ফিরছিলেন তারা।
নরসিংদীতে মাইক্রোবাসের সঙ্গে কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ আরো চার যাত্রী।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান।
নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা কামরুন্নাহার বেগম (৩৫), তার ছেলে সাজিদ (১২), পুত্রবধূ তানজিনা আক্তার (২৪) ও সাজিদের চাচাত বোন সাবিহা (১৪)।
ঢাকার মিরপুরে এক আত্মীয়র বাড়িতে বেড়ানো শেষে তারা রায়পুরার বাড়িতে ফিরছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তাদের আত্মীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আফজাল বিন হারুন।
তিনি জানান, কামরুন্নাহারের বড় ছেলে ইমরান আহমেদের সঙ্গে তানজিনার বিয়ে হয়েছে কয়েকদিন আগে। ঢাকার মিরপুরে তানজিনার বোনের বাড়িতে বাড়িতে গিয়েছিলেন তারা। সেখান থেকে রায়পুরায় গ্রামের বাড়িতে ফিরছিলেন।
তাদের মাইক্রোবাসটি দগরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস ও কভার্ডভ্যান উদ্ধার সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করি।”
জেলা সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রাকিব আসকারী বলেন, “আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
নরসিংদী সদর মডেল থানার এসআই ইউসুফ আলী খান বলেন, “মাইক্রোবাসটি দ্রুতগতিতে অপর একটি প্রাইভেটকারকে পাশ কাটানোর সময় কভার্ডভ্যানের সামনে পড়ে গেলে মুখোমুখী সংঘর্ষ হয়। কভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
