২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আহত পাঁচজনের মধ্যে গুরুতর দুই নারীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 10:50 PM

Updated : 19 Jan 2024, 10:56 PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার খাসকান্দি এলাকার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম।

নিহতরা হলেন- উপজেলার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার প্রয়াত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলা বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে রানী বালা (৬০) ও পবিত্র বালার (৩৫) অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি আবু সাঈদ জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতরা লেগুনার যাত্রী ছিলেন; তবে বাসের যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানান ওসি।