Published : 01 Jul 2026, 02:38 PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক বিধবা নারীর অর্ধগলিত লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সখীপুর পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশীদ জানিয়েছেন।
নিহত ৪৬ বছর বয়সী পারভীন আক্তার ওই ওয়ার্ডের মৃত হুমায়ন খানের স্ত্রী।
পুলিশ বলছে, পারভীন এক ছেলে ও এক মেয়ের জননী। ছেলে সোহেল রানা ফাহাদ চাকরির সুবাদে ঢাকার সাভারে থাকেন। আর মেয়ের বিয়ে হয়েছে দুমাস আগে। এরপর থেকে পারভীন নিজের বাড়িতে একাই থাকতেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ছেলে ফাহাদের সঙ্গে মোবাইল ফোনে পারভীনের শেষবারের মত কথা হয়। পরদিন সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার পারভীনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোন বেজে গেলেও তিনি আর কোনো কল রিসিভ করেননি।
একই দিন সন্ধায় ফাহাদ ঢাকা থেকে এসে সখীপুর থানায় একটি অপহরণ মামলা করেন। রাত থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে পারভীনের লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে সোহেল রানা ফাহাদের দাবি, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সহকারী পুলিশ সুপার মামুনুর রশীদ বলেন, “এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”