অনুপ্রবেশ: পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্যকে হস্তান্তর
ভোরে দহগ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।
৫১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, রোববার বিকালে বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় শূন্যরেখা অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। তখন ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল তাকে আটক করে।
আটকের সময় বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে বিজিবির হেফাজতে রাখা হয় এবং বিষয়টি জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
দুপুর ২টা ৩০ মিনিটে তিন বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপঅধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন নেতৃত্ব দেন।
৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, “জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছেন বলে দাবি করেন। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ তাকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।”
