কুমিল্লায় জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা
স্টেশনটিতে পাওয়া ১২১ লিটার পেট্রোল ও ৫৯ লিটার অকটেন উপস্থিত গ্রাহকদের মাঝে বিক্রি করা হয়।
কুমিল্লার লালমাই উপজেলায় জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
এ ছাড়া স্টেশনটিতে পাওয়া ১২১ লিটার পেট্রোল ও ৫৯ লিটার অকটেন উপস্থিত গ্রাহকদের মাঝে বিক্রি করা হয়।
সোমবার দুপুরে উপজেলার সারা ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয় বলে জানান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মজুদ রেখে তেল বিক্রি না করা আইনত দণ্ডনীয় অপরাধ।”
তিনি বলেন, ফিলিং স্টেশনটিতে তেল মজুদের অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ইউএনও তাৎক্ষণিকভাবে মজুদ থাকা তেল উপস্থিত গ্রাহকদের মাঝে বিক্রির নির্দেশ দেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।
