২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহপরীর দ্বীপ সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ

গত ২৯ সেপ্টেম্বর সাগরে মাছ শিকারে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 12:55 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ ভেসে এসেছে।

নিখোঁজের তিন দিন পর শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলার চরে জোয়ারের পানিতে ওই জেলের লাশ ভেসে আসে।

পরে টেকনাফ থানা পুলিশকে খবর দেওয়া হলে তাদের একটি দল গিয়ে লাশটি উদ্ধার করে বলে সাবরাং ইউনিয়নের সদস্য আব্দুল মান্নান জানান।

মৃত জেলের নাম মো. জোবায়ের; বয়স ৩০ বছর।

তিনি টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিব পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।

মৃত জেলের বড় ভাই মো. ইসহাক বলেন, নাজির পাড়া এলাকার আকতার হোছেনের মালিকানাধীন ট্রলার নিয়ে ১০ জন মাঝি ২৯ সেপ্টেম্বর সাগরে মাছ শিকারে যায়। তিন দিন পরে বাকিরা ফিরে এলেও তার ভাই নিখোঁজ ছিলেন।

সাগর থেকে ফেরা অন্য জেলেরা ‘পলাতক’ রয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা আমার ভাইকে হত্যা করেছে না হলে তারা পলাতক কেন?। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।”

টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, শাহ পরীর দ্বীপে জোয়ারের পানিতে এক জেলের লাশ ভেসে আসে। স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।