ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ভর্তি ১৪ শিশু, একজনকে ঢাকায় স্থানান্তর
দুটি হাসপাতালই শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খুলেছে এবং তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে।
ফরিদপুরের দুটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৪ শিশু। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আটজন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালের ছয় শিশু ভর্তি হয়েছে।
দুটি হাসপাতালই শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খুলেছে এবং তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে।
সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেনারেল হাসপাতাল ঘুরে এবং সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, দেশে শিশুদের মাঝে হামে আক্রান্ত হওয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই দু-একজন করে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্ত শিশুদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলেই বোঝা যাবে তারা হামে আক্রান্ত কিনা। জেলার স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সতর্ক রয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতাল ভবনের নিচতলায় নারী মেডিসিন ওয়ার্ডে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের জন্য ‘হাম কর্নার’ নামে ডেডিকেটেড বিশেষায়িত ইউনিট বানানো হয়েছে। সেখানে শনিবার ও রোববার ছয় শিশু ভর্তি হয়। এদের মধ্যে একজনের অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে ভর্তি আছে ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার জান্নাতুল আক্তার (৬)। তার মা রত্না বেগম বলেন, “চার দিন ধরে আমার মেয়ে জ্বর, পাতলা পায়খানা, ঠাণ্ডা-কাশিতে ভুগছিল। রোববার হাসপাতালে ভর্তি করাই। আজ দুপুরে সারা শরীরে র্যাশ ও ফুসকুড়ি ওঠেছে। ডাক্তাররা বলেছেন, এটা হামের উপসর্গ।”
একই ওয়ার্ডে ভর্তি আপন দুই বোন লিজা আক্তার (১০) ও মরিয়ম আক্তার (৯)। তাদের বাবা ইউনুস শেখ বলেন, “রোববার আমার দুই মেয়ে ডাল-ভাত খায়। খাওয়ার পরই হঠাৎ করে দুজনেরই তীব্র ডায়রিয়া দেখা দেয়। হাসপাতালে এনে ভর্তি করার পর স্যালাইন দেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে শিশুরা হাম আক্রান্ত কিনা।
