২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনকারীরা আমাদের ভাই, কীভাবে কঠোর হই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুপুরে সুনামগঞ্জের মাটিয়ান হাওর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 07:08 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

আন্দোলনকারীরা আমাদের ভাই, কীভাবে তাদের ওপর কঠোর হই। আমরা চাই না তাদেরকে কঠোর হাতে দমন করতে। রাস্তা ব্লক না করে তাদের ক্ষোভ ও দাবি-দাওয়া সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে জানাতে পারে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

ঢাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন ও মারামারি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আশা করি আলোচনার মাধ্যমেই তাদের সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। শিক্ষার্থীদের রাস্তায় আন্দোলনে নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে তারা নিজেদের ক্ষোভ ও দাবি জানাতে পারে।

“এক কলেজের সঙ্গে আরেক কলেজের যেসব সমস্যা চলছে, তা ওই কলেজের শিক্ষক ও ছাত্ররা মিলে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে। এ ছাড়া আরও যেসব সমস্যা আছে, তা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারে। অবশ্যই সমস্যার সমাধান সম্ভব।”

হাওরের কৃষিপণ্য নিয়ে কৃষি উপদেষ্টা বলেন, “হাওর কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। তবে কৃষকরা উপকৃত হচ্ছেন কি-না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে হাওরের কৃষকের সুবিধা নিতে না পারে সেটি দেখা হচ্ছে।” 

হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “হাওরের কোথায় বাঁধ ভাঙছে, কোথাও শক্ত করে আবার বাঁধ দিতে হবে, হাওরবাসীকে আমাদের দেখিয়ে দিতে হবে। তাদের মতামতের ভিত্তিতেই ফসলরক্ষা বাঁধ দেওয়া হবে। 

“কোথায় বাঁধ দেব বা সংস্কার মেরামত করব, সেটা হাওরবাসীকে দেখিয়ে দিতে হবে। হাওরের কোনো ক্ষতি না করে বাঁধ সংস্কার করতে চাই।”

পর্যটনের নামে হাওরে হাওস বোটের শব্দ দূষণ নিয়ন্ত্রণে আলোচনা হচ্ছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “হাওরে এত এত হাউস বোট, এত আওয়াজ, এত প্লাস্টিক বর্জ্য, পলিথিন ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে আলোচনা হচ্ছে। আমরা হাওরের আর ক্ষতি হতে দিতে চাই না।

“হাওরে একটি মাস্টার প্ল্যান আছে। সেটা কতটুকু হাওরের জন্য উপকারী, এর বিদ্যমান বাস্তবতা কেমন, স্থানীয় জনগণের সঙ্গে সেই মাস্টার প্লানের সম্পর্ক কেমন তা রিভিশন করা হবে। আমরা আসলে হাওরে পরিবেশবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে চাই।”

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা এবং কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।