২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

মাদক সংশ্লিষ্টতায় এ হত্যা সংঘটিত হওয়ার ধারণা করা হচ্ছে বলে জানিয়ে ওসি বলেন, মনিরের বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে।

কুমিল্লায় অটোরিকশা চালককে গলা কেটে হত্যা
কুমিল্লার লাকসাম থানা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 11:47 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

কুমিল্লার লাকসামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান। 

নিহত আবু হানিফ (৩০) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় গ্রামের আলী আকবরের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার দুপুরে মোহাম্মদপুর গ্রামে দা দিয়ে মো. আবু হানিফের গলা কেটে পালিয়ে যায় মনির হোসেন নামে এক যুবক। 

পরে ৯৯৯ এ সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ হানিফকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকালে তার মৃত্যু হয়।

মনির হোসেন (৩৮) উপজেলার উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড়ের আব্দুল মতিন মেম্বারের ছেলে। তিনি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মালেক মেম্বারের বাড়িতে বসবাস করেন।

মাদক সংশ্লিষ্ট কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি সাহাবুদ্দিন বলেন, মনির হোসেনের বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।