২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ১২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।

বগুড়ায় ১২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 04:14 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

বগুড়ার নন্দীগ্রামে এক হাজার ২০০টি ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির তিন হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।

গ্রেপ্তার রবিউল ইসলাম (৩৬) নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি।

র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন খবরে ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি ইয়াবা নিয়ে অটোরিকশায় করে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন।

পরে র‍্যাব সদস্যরা নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসান। রাত ৯টার দিকে একটি অটোরিকশা চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। অটোরিকশা থাকা একমাত্র যাত্রী রবিউলকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

এক পর্যায়ে তিনি নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তারা প্যান্টের বাম পকেট থেকে এক হাজার ২০০টি ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির তিন হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায়িত্ব দল নেবে না। এর মধ্যে তাকে বহিষ্কার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি তারিকুল ইসলাম।