সিলেটে অনুষ্ঠানে জুলাই যোদ্ধাকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ
এ ঘটনার প্রতিবাদে মিছিল করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সিলেটে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে এক জুলাই যোদ্ধাকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়েছে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন।
মঙ্গলবার বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ ঘটনাটি ঘটে বলে জানান সিলেট মহানগরের সেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ।
আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদ সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।
তার দাবি, একজন শহীদের ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে তাকে মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে।
সেলিম আহমদ সাংবাদিকদের বলেন, “অনুষ্ঠান চলাকালে একজন শহীদের ভাই পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তার সমস্যার কথা বলছিলেন। এ সময় আমি বলি, শুধু ওনার সাথেই কেনো এমন হচ্ছে, অন্যদের সাথে তো হচ্ছে না।
“তখন তিনিসহ আরও কয়েকজন আমার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তারা আমাকে মারধর করে বের করে দেন।”
স্বেচ্ছাসেবক দলনেতা আজিজ বলেন, “যিনি মারধর করেছেন, তিনি আওয়ামী লীগার ছিলেন। পরে জামায়াত আর এখন এনসিপি করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
মারধরের বিষয়ে এনসিপি সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী আবুল হাসান মো. আজরফ (জাবুর আহমদ) বলেন, “বক্তব্য চলাকালে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু করলে আমি গিয়ে সেলিম ভাইকে বের করে দিয়েছি। আমি তাকে না চিনেই বের করে দিয়েছি, তা না হলে অন্যরা তাকে মারধর করত। আমি মূলত মধ্যস্থতা করতে গিয়েছিলাম।”
এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, “শুনেছি শিল্পকলা একাডেমিতে আহতদের মাঝে হই-হুল্লোড় হয়েছে।”
সকালে অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
