১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুন্দরবন দিবসে সাতক্ষীরায় সম্মিলিত অঙ্গীকার

সুন্দরবন রক্ষায় সরকারি-বেসরকারি যেকোনো পর্যায় থেকে নেওয়া কর্মসূচি সফলে সম্মিলিত অঙ্গীকার করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2025, 11:43 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

বন বাঁচানোর সম্মিলিত অঙ্গীকারে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে চব্বিশতম জাতীয় সুন্দরবন দিবস।  

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল দিবসটি ঘিরে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল- ‘সুন্দরবন আমার মা ধ্বংস হতে দেবো না’। 

ডিসি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। 

সভাপতি তার বক্তব্যে বলেন, “প্রতিটি দুর্যোগে সুন্দরবন কত আপন সেটি আমরা টের পাই। আবার দুর্যোগ কেটে গেলে সেই সুন্দরবনকে আমরা শুধু অবহেলাই করি না, ধ্বংসও করি।”

তিনি মনে করেন, “সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করতে পারলে সুন্দরবন রক্ষা পাবে।” 

সুন্দরবন রক্ষায় বেশি বেশি জনসচেতনতা তৈরির ওপর জোর দেন তিনি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দেশ টিভির সাংবাদিক ও প্রাণসায়ের পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন সুন্দরবনকে ঘিরে সুনির্দিষ্ট বিভাগ গঠনের দাবি তোলেন। 

তিনি বলেন, “সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ভাণ্ডার। প্রাণবৈচিত্রে্য সমৃদ্ধ এই বাদাবনকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।” 

সভায় আরো আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক সাইফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, অধ্যাপক মোজাম্মেল হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সমাজসেবার ওয়ান স্টেপ সার্ভিস কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, উত্তরণের কর্মকর্তা মুনীর উদ্দিন, ডিসিডির রিয়াজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা ইমরান হোসেন, রেড ক্রিসেন্টের যুব সংগঠক মাসুদ রানা।

সভায় সূচনা বক্তব্য দেন পরিবেশবাদী সংগঠন বেলার মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভা সঞ্চালনা করেন সাকিবুর রহমান বাবলা।

এনডিসি মো. পলাশ আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার প্রণয় বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলার বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যক্তিরা সভায় ছিলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহায়তায় পরিবেশবাদী সংগঠন বেলা, বেলা নেটওয়ার্ক, ধরিত্রী রক্ষায় ধরা, অ্যাকশন এইড, সুন্দরবন ফাউন্ডেশন ও জেডনেট বিডি এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সংহতি জানায়, সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শাকিলা ইয়াসমিন মেরী, অর্জন ফাউন্ডেশনের রুবেল হোসেন, প্রভার সালমা পারভিন, ইউথ নেটওয়ার্কের হৃদয় মণ্ডল ও মো. রিপন হোসেন।

আলোচনা সভায় সবার পক্ষ থেকে সুন্দরবন রক্ষায় সরকারি-বেসরকারি যে কোনো পর্যায় থেকে নেওয়া কর্মসূচি সফলে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করা হয়। 

আলোচনা সভার সুন্দরবন ও পরিবেশ রক্ষার প্রত্যয়ে র‌্যালি হয়। 

এছাড়া বিভিন্ন সংগঠন একাধিক উপজেলায় পৃথক পৃথক কর্মসূচি পালন করে।