ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ গবেষক
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে রিসার্চ সেন্টারের আয়োজনে গবেষণা ও উদ্ভাবনের ওপর ১২তম সম্মেলনে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
গবেষণায় বিশেষ অবদানের জন্য ভিসি অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন পাঁচ গবেষক।
শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে রিসার্স সেন্টারের আয়োজনে গবেষণা ও উদ্ভাবনের উপর ১২তম সম্মেলনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান খাঁন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবু সাঈদ আরফিন খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জি এম নূরনবী আজাদ জুয়েল ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম।
তিনি বলেন, “আপনাদের এখানে অনেক উচ্চমানের গবেষক রয়েছেন। আপনারা এমনভাবে কাজ করবেন যাতে গবেষণায় এই বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশেষ করে আপনারা সিলেটের হাওর অঞ্চল মানুষের সমস্যা এবং এর সমাধান নিয়ে গবেষণা করবেন। এমনকি সিলেটের চা নিয়েও আপনারা গবেষণা করতে পারেন।”
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মো. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন ও পূবালী ব্যাংকের উপ-পরিচালক আহমেদ এনায়েত মনজুর উপস্থিত ছিলেন।
এতে প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য দেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
