সিরাজগঞ্জ পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে `প্রতারণা’, আটক ৩
“সিরাজগঞ্জ পুলিশ সুপার পরিচয় দিয়ে মূলত শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করছিল।”
সিরাজগঞ্জ পুলিশ সুপারের পোশাক পরিহিত ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে `প্রতারণা’ করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকালে বগুড়ার শেরপুর উপজেলা থেকে তাদের আটক করা হয় বলে সোমবার দুপুরে সদর থানায় আয়োজিত সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান জানান।
আটকরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়ার আমজাদ হোসেনের ছেলে সোহেল রানা (৩৪), একই উপজেলার চালাপাড়ার রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) ও খানপুর পশ্চিমপাড়ার বাদশা আকন্দের ছেলে মো. রিপন (২২)।
তাদের নিকট থেকে দুই মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, “প্রতারকরা দুইটি মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নিজেদের সিরাজগঞ্জ পুলিশ সুপার পরিচয় দিয়ে মূলত শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করছিল। ”
বিষয়টি পুলিশ সুপার অবগত হলে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত ও অভিযান চালানো হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
