১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে ছাত্র বলল ‘ধর্ষণের’ কথা, গ্রেপ্তার অধ্যক্ষ

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 05:33 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার তাকে লক্ষ্মীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবদুল আহাদ (৪৫)।

পুলিশ জানায়, শনিবার রাতে মাদ্রাসায় ধর্ষণ করা হয় বলে ছাত্রের অভিযোগ। রোববার দুপুরে সে মাদ্রসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

পরে ছাত্রের মা ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। 

রোববার রাতে ওই ছাত্রের মা অধ্যক্ষের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। এরপর রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আবদুর রব বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। ছাত্রকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।