Published : 07 Mar 2026, 09:55 PM
দিনাজপুরের বিরল উপজেলা থেকে দুটি কষ্টি পাথরের মূর্তিসহ এক যুবককে আটক করা হয়েছে। মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশে সংরক্ষণ করা হয়েছিল বলে ভাষ্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের।
শনিবার ভোররাতে উপজেলার মঙ্গলপুর ইউনিয়ন থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
আটক রাসেল ইসলাম (৩৩) ওই ইউনিয়নের ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।
এদিন বিকালে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা ধনগ্রামে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় রাসেলকে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মূর্তি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
জব্দ করা মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা বলে জানায় বিজিবি।
ভারতে পাচারের জন্য রাসেল মূর্তি দুটি লুকিয়ে রেখেছিলেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।