১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মায় ধরা পড়ল ২৫ কে‌জির পাঙ্গাস, ৭১ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় পাতা জালে মাছটি ধরা পড়ে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 03:28 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে; যা ৭১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে এরশাদ হলদারের জালে মাছটি ধরা পড়ে ব‌লে জানান স্থানীয় মাছ ব‌্যবসায়ী চান্দু মোল্লা। 

তিনি ব‌লেন, ভোরে এরশাদ তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে হঠাৎ জালে টান পড়ে। জাল তুলতেই বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ পাওয়া যায়।

দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে মাছটি মেপে ২৫ কেজি ওজ‌ন হয়। প‌রে ওই আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি ৭০ হাজার টাকায় কিনে নেন চান্দু মোল্লা।

তিনি ব‌লেন, মাছ‌টি কেনার পর মোবাইলে যোগাযোগ করে কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে দুই হাজার ৮৫০ টাকা কেজি দরে ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন তিনি।