হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৬ শিশু ভর্তি
হাসপাতালে চিকিৎসাধীন আছে মোট ৯১ শিশু।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন সময় তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১ জনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে রোগ হওয়ায় এটি দ্রুত ছড়াচ্ছে। তাই রোগী বাড়ছে। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট আলাদা আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে এদিন সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ৫৪১ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৩৭ জন এবং মৃত্যু হয় ১৩ শিশুর। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ২৩ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, নতুন করে আরও ২৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ পর্যন্ত এক শিশু হাম আক্রান্ত হয়ে এবং ১২ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।
