শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মাদক ও অস্ত্রের সম্পৃক্ততার অভিযোগে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মামুনকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগে এক ছাত্রের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। পরে বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
আজীবন বহিষ্কৃত মোহাম্মদ মামুন মিয়া লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, “মামুন ভাইয়ের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তিনি কারো সঙ্গে কোনোদিন রাগ করে কথাও বলেনি। জুলাই আন্দোলনের সময় তিনি হলেও ছিলেন না।
“জুলাই আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল। তাকে আমরা কোনোদিন বিড়ি-সিগারেটও খেতে দেখি নাই। অথচ তাকে অস্ত্র ও মাদকের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আমরা দ্রুত এ বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই।”
মামুনের শাস্তি প্রত্যাহারের দাবি জানিয়ে একই বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “মামুন ভাইকে খুবই নম্র ও ভদ্র হিসেবে পেয়েছি। তার বিরুদ্ধে অভিযোগ হলো তার রুমে একটি জি আই পাইপ পাওয়া গেছে; যা আসলে তার সঙ্গে যায় না।”
শিক্ষার্থীরা বলেন, মামুন জুলাই আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি মেসে ছিলেন। যে রুমে অস্ত্র রাখার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে, সেই রুমে তিনি থাকতেন না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ দিতে পারে, তাহলে শিক্ষার্থীদের কোনো কথা থাকবে না।
বহিষ্কৃত মামুন মিয়া বলেন, “আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত। পরীক্ষা, ক্লাস ও খাওয়া দাওয়াসহ নিত্য প্রয়োজনীয় কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারছি না।
“আমি জুলাইয়ের প্রথম সপ্তাহে হল ছেড়ে দেই। শাহপরাণ হলের ৪১৭ নাম্বার রুমে যে ‘জি আই পাইপ’ পাওয়া গেছে, সে বিষয়ে আমি একদম অবগত নই। এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের সময় উপ-উপাচার্য সাজেদুল করিমের বলেন, “সিন্ডিকেটে একটি রিভিউ কমিটি গঠন করেছে। যারা আপিল করেছে, তাদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে কোনো বাধা থাকবে না।
“সে (মামুন) যদি প্রমাণ করতে পারে যে সেই রুমে ছিল না, তাহলে সে খালাস পেয়ে যাবে।”
জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা এবং অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৫৪ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়; যার মধ্যে লোকপ্রশাসন বিভাগের মোহাম্মদ মামুন মিয়া আছেন।
