১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বহিষ্কারাদেশের প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যে শনিবার এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 11:07 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

র‍্যাগিংয়ের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা প্রত্যাহার করে নিয়েছে। 

বহিষ্কারাদেশের প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যে শনিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত হয়। এর পরের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত তুলে ধরা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির বলেন, "উপাচার্য হলেন সিন্ডিকেটের সভাপতি। তাই তিনি কার্যনির্বাহী ক্ষমতাবলে  সিন্ডিকেটের  র‍্যাগিংয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছেন।"

নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর ২৩৭তম সিন্ডিকেট সভায় ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২৫ জনের মধ্যে ১৩ জন পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী; বাকি ১২ জন অর্থনীতি বিভাগের।