২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতার পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন

পুকুরটির ইজারাদার সোহেল রানা রাজশাহীর তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

রাজশাহীর বাগমারায় যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করা হয়।

পুকুরটির ইজারাদার সোহেল রানা। তিনি তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নুরপুর মহল্লার বাসিন্দা। ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। 

২১ মার্চ ঈদের রাতে হামলা চালিয়ে সোহেল রানার বাড়িঘর ভাঙচুর করা হয়। 

স্থানীয়রা বলেন, সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পালিয়ে থাকার কারণে স্বজনরা পুকুরটি দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে পাহারাদার ছিল না।

পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে সোহেল রানা বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর তার কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি স্বজনরা দেখাশোনা করে আসছেন। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি। কারা বিষ প্রয়োগ করেছে, তা জানতে পারেননি। এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করা হয়নি।

অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।